আদ-দা'ওয়াহ আস-সালাফিয়্যাহ
সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী দা'ওয়াহ, আলেমদের সাথে থাকার ও রাখার এক আপোষহীন দৃপ্ত প্রত্যয়ে আগুয়ান।
পটভূমি
শেষ যামানায় চলার পথে অনিচ্ছাসত্ত্বেও এমন অনেক কিছুই চোখে পড়ে, যা আসলে দেখতে চাই না। বিশেষত, মনে করুন আমারই এক মুসলিম ভাই দ্বীনের জ্ঞানের অভাবে বিভিন্ন কথা ও কাজ করে যাচ্ছে। আমরা জেনে হয়তোবা সেটা সহ্য করতে পারছি না। কিন্তু ওরই মতো অন্য অনেকে সাপোর্ট করছে।
নেট দুনিয়ায় এই সমস্যাটা আরো প্রকট। ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি গণমাধ্যম গুলোতে যে যেভাবে পারছে, নিজের মত ও পথকে, নিজেকে অন্যদের সামনে ফেমাস করে তোলার চেষ্টায় রত।
সালাফী মানহাজ ও ছাহাবীদের মহান পথকে ভুলে অনেকেই ভিন্নতা খুঁজছে। আধুনিকতার ছোঁয়ায় নিজেকে রঙিন করার ব্যর্থ কোশেশ করছে। ছাহাবীদের মতো হওয়াকে সেকেলে মনে করছে। কুরআন ও সুন্নাহর সামঞ্জস্যতাকে ভুলে একটিকে আরেকটি দিয়ে আঘাত করছে। নিজেদের বিবেচনাকে অগ্রগণ্য করছে এই যুক্তিতে যে, ইসলাম মানব জাতির ধর্ম।
এহেন পরিস্থিতিতে আলেমদের দিকনির্দেশনা খেয়াল করে একটা প্লাটফর্ম তৈরি করার চিন্তা থেকেই এই সমষ্টির উৎসারণ। এটা কখনোই আলাদা কোনো সংগঠন বা মানহাজ নয়। বরং সালাফী আলেমদের নির্ভেজাল জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দেয়াটাই এর প্রধান লক্ষ্য।
সালাফিয়্যাতের পথ
সংস্কৃতি যতো উন্নতই হোক, শিল্প সভ্যতা যতোই উৎকর্ষতা লাভ করুক, দুনিয়াবি জ্ঞানবিজ্ঞানে যতোই মহাকাশ পাড়ি দেক; শরয়ী জ্ঞান ব্যতিরেকে তা নিতান্তই অর্থহীন। ইলমে শরয়ীর অভাবে তা স্বেচ্ছাচারিতায় রূপ নিতে বাধ্য। দীনী জ্ঞান না থাকায় তা ধ্বংসস্তুপে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র।
“আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না; সে দুটো হলো: কুরআন ও সুন্নাহ।”
— রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আসমানী কিতাব আল কুরআন সবচেয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ছিলেন নবীর ছাহাবীগণ। তারপর তাদের অনুসারী তাবেয়ী ও তাবে' তাবেয়ীগণ। আর এইসব মহান ব্যক্তিদের দিকে সম্পৃক্ত করেই বলা হয়, সালাফিয়্যাত। কারণ, তারা আমাদের পূর্বপুরুষ ও আমরা তাদের উত্তরসূরী। তারা হলেন আমাদের সালাফে সালেহ।
যুগে যুগে বিভিন্ন ফিরকার বিরুদ্ধে সবসময় কথা বলে গেছেন হকপন্থী আলেমগণ। মাজহাবের চার ইমামসহ যুগ যুগ ধরে সকল আলেম — যেমন, ইবনু তায়মিয়্যাহ, ইবনুল কয়্যিম, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব, আলবানী প্রমুখ — একনিষ্ঠভাবে দাওয়াতি ময়দানে কাজ করে গেছেন। মানুষ বুঝে না বুঝে তাদের বিভিন্ন দোষারোপ করেছে। কিন্তু, দিনশেষে তাদের কথাই ঠিক প্রমাণিত হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীছ ও সালাফদের পন্থাকে জাগ্রত করার লক্ষ্যে, সবার মাঝে শরয়ী ইলম ছড়িয়ে দেয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আর এ চিন্তা থেকেই আমরা #আদ_দাওয়াহ_আস_সালাফিয়্যাহ শিরোনামে একটা প্রজেক্ট হাতে নেয়ার চেষ্টা করছি।
কাজের ধরণ
সবাই আলাদা আলাদা সেক্টর নিয়ে কাজ করব। মৌলিক লিখনী, অনুবাদ, অবলম্বনে কিছু লেখা; যেটাই হোক।
নিজেদের শক্তিশালী ও টিম গঠনার্থে ফেসবুক গ্রুপ খোলা ও নিজ নিজ টাইমলাইন এবং গ্রুপগুলোতে দেয়া।
সপ্তাহে মোটামুটি দুটো করে পর্ব পোস্ট দেয়ার চেষ্টা করা।
#আদ_দাওয়াহ_আস_সালাফিয়্যাহ হ্যাশট্যাগ এই বানানেই ব্যবহার করা।
শর্ত
সালাফী মানহাজ
ইখলাছ
প্রকাশনা কার্যক্রম
বেশিরভাগ তরুণ এবং যুবক থেকে শুরু করে অন্যান্যরাও এখন ফেসবুকমুখী হওয়ায় আমরা প্রধানত সেখানেই লেখালেখি করি। তবে লেখনীগুলো যাতে হারিয়ে না যায়, সেজন্য টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেয়ার পাশাপাশি হার্ডকপি বের করার চেষ্টা থাকবে ইন শা আল্লাহ।
সবার কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যেন আমাদের এই কাজে খুলূছিয়্যাত দান করেন। দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়ার তাওফীক দেন। সুচারুরূপে সম্পন্ন করার হিম্মত দেন। আমীন।
اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا
— ইয়াকুব বিন আবুল কালাম
১৭/১০/১৪৪২ হি: — 30/05/2021